ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->
বর্তমানে দেশের ৩৪টি জেলায় ৩৭টি সরকারি মেডিকেল কলেজ রয়েছে। দেশের বাকি ৩০টি জেলাতেই সরকার পর্যায়ক্রমে সরকারি মেডিকেল কলেজ স্থাপন করবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
সোমবার (১৩ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মো. অলি উল্লাহর এক প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী এ কথা জানান। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী বর্তমান সরকারের লক্ষ্য হলো সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং প্রত্যেক নাগরিককে মর্যাদা ও সম্মানের সঙ্গে স্বাস্থ্যসেবা দেওয়া। সেই আলোকে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।
বর্তমানে দেশের ৩৪টি জেলায় ৩৭টি সরকারি মেডিকেল কলেজ রয়েছে। দেশের বাকি ৩০টি জেলায় কোনো সরকারি মেডিকেল কলেজ নেই।
চিকিৎসাসেবা সর্বস্তরে পৌঁছে দিতে এই বাকি ৩০টি জেলাতেই পর্যায়ক্রমে সরকারি মেডিকেল কলেজ স্থাপন করবে সরকার।
তিনি আরও বলেন, সরকারের তৈরি করা এই ৩০টি জেলার সুনির্দিষ্ট তালিকায় বরগুনা জেলার নাম অন্তর্ভুক্ত রয়েছে। অর্থাৎ নীতিগতভাবে বরগুনায় একটি সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার সিদ্ধান্ত চূড়ান্ত তালিকায় আছে। মেডিকেল কলেজ স্থাপনের এই দীর্ঘমেয়াদী প্রক্রিয়ার পাশাপাশি বরগুনার বর্তমান চিকিৎসা সংকট দূর করতে প্রাথমিক পদক্ষেপ হিসেবে বরগুনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীতকরণ এবং সেখানে প্রয়োজনীয় আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি ও ডাক্তার নিয়োগের প্রক্রিয়াকে অগ্রাধিকার দিচ্ছে, যা পরে পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল হিসেবে রূপান্তর করা সহজ করবে।